শ্রীগোবর্ধন পূজা, গোপূজা ও অন্নকূট মহোৎসবের শুভাশয়ঃ গিরিরাজ শ্রীগোবর্ধনের আবির্ভাব ও মাহাত্ম্য - শ্রীগোবর্ধন কেবল পর্বত মাত্র নন, তিনি স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয়ের প্রকাশ বিগ্রহ, কৃষ্ণের অনন্য বিলাসশৈল এবং ব্রজধামের সর্বশ্রেষ্ঠ আরাধ্য। শ্রীধাম গোলক বৃন্দাবনে শ্রীমতী রাধারাণীর প্রার্থনায় শ্রীকৃষ্ণের হৃদয় হতে শ্রীগোবর্ধন শৈলের আবির্ভাব হয়। তাঁর আবির্ভাবকালে সমস্ত পর্বত এসে তাঁকে 'গিরিরাজ' উপাধিতে ভূষিত করেন। তিনি অবতারী, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের বিলাস বিগ্রহস্বরূপ। কৃষ্ণসেবার্থে স্বয়ং ভগবান বিষ্ণুই গিরিরাজ গোবর্ধনরূপে বিরাজমান। তাই শ্রীগোবর্ধন একদিকে যেমন স্বতঃসিদ্ধ পূজ্য, অন্যদিকে তেমনই তিনি 'হরিদাসবর্য' - অর্থাৎ ভগবানের দাসগণের মধ্যে শ্রেষ্ঠতম, ধন্যতম, বরেণ্য ও শরণ্যতম। দেবরাজ ইন্দ্রের অহংকার খর্ব এবং তাঁর বজ্রের ব্যর্থতা প্রতিপন্ন করার জন্য শ্রীকৃষ্ণ গোবর্ধন ধারণ লীলা প্রকাশ করেন। এই লীলার মাধ্যমে শ্রীকৃষ্ণ প্রতিষ্ঠা করেন যে, ভগবানের একান্ত শরণাগত ভক্তের রক্ষাকর্তা স্বয়ং ভগবান। গোবর্ধন ধারণের মধ্য দিয়ে কর্মবাদ ও বহুঈশ্বরবাদের অসারতা খণ্ডিত হয়ে শুদ্ধ ভক্তিবাদের মাহাত্ম্য প্রতিষ্ঠিত হয়েছে। ব্রজবাসীদের রক্ষার্থে শ্রীগোবর্ধন যেন স্বয়ং শ্রীকৃষ্ণের ছত্রস্বরূপে বিরাজ করেন। তাঁর অধস্তনে আবিষ্কৃত হয়েছে দিব্য যোগপীঠ, যেখানে শ্রীকৃষ্ণের সর্বরসের ভক্তগণ মিলিত হন। অন্য কোনও পর্বত এইরূপ পরম সৌভাগ্যের অধিকারী নয়। শ্রীগোবর্ধনের সমতুল্য পূজ্যও কেউ নেই। তাই শ্রীগোবর্ধন তটই ভজনের সর্বশ্রেষ্ঠ স্থানরূপে বৈষ্ণবসমাজে পরিগণিত। শ্রীকৃষ্ণ স্বয়ং গোবর্ধন পূজার প্রবর্তন করেন। সেই লীলার স্মরণে আজও ব্রজবাসীগণ গিরিরাজের তটে ভগবানের প্রীতিসাধনার্থে বিপুল পরিমাণ অন্ন, ব্যঞ্জন ও বিবিধ খাদ্যদ্রব্য নিবেদন করে অন্নকূট মহোৎসব পালন করেন। স্বয়ং শ্রীকৃষ্ণ গিরিরাজের শৈলরূপে প্রকটিত হয়ে সেই অন্নকূটের নৈবেদ্য আস্বাদন করেন। এই পবিত্র তিথিতে গো-পূজা এবং বলিদৈত্যরাজ পূজাও অনুষ্ঠিত হয়ে থাকে। গোবর্ধন পূজা, গো-পূজা ও অন্নকূট মহোৎসবের বিধি- শ্রীশ্রীহরিভক্তিবিলাস অনুসারে গোবর্ধন পূজার তিথি নির্ণয় সম্পর্কে বলা হয়েছে - ❝প্রতিপদ্দর্শসংযোগে ক্রীড়নন্তু গবাং মতম্। পরবিদ্ধান্তু যঃ কুর্যাৎ পুত্রদারধনক্ষয়ঃ।। যা কুহূঃ প্রতিপন্মিশ্রা তত্র গাঃ পূজয়েন্নৃপ। পূজামাত্রেণ বর্দ্ধন্তে প্রজা গাবো মহীপতিঃ।। ততঃ প্রাতর্গোবর্দ্ধনং পূজ্যেতি পূর্ব্বাহ্নতাৎপর্য্যকম্, দ্বিতীয়া সময়ে তু সর্ব্বথা নিষিদ্ধম্।।❞ অর্থ ও তাৎপর্য: অমাবস্যা তিথির সঙ্গে প্রতিপদ যুক্ত থাকলে সেই তিথিতেই গো-পূজা ও গোবর্ধন পূজা কর্তব্য। এই বিধি অনুসারে পূজা সম্পাদিত হলে প্রজা, গোসম্পদ ও রাজার পরম মঙ্গল সাধিত হয়, অর্থাৎ সমাজের সামগ্রিক কল্যাণ ঘটে। এখানে 'প্রাতঃ' শব্দের দ্বারা পূর্বাহ্নকাল বোঝানো হয়েছে। অর্থাৎ প্রতিপদ যদি অমাবস্যা দ্বারা পূর্ববিদ্ধা হয়, তবে সেই অমাবস্যা যুক্ত প্রতিপদেই গোবর্ধন পূজা সম্পন্ন করা কর্তব্য। অন্যদিকে, দ্বিতীয়াবিদ্ধা প্রতিপদে গোবর্ধন পূজা পরিত্যাজ্য। শাস্ত্রীয় বিধান অনুসারে সেই তিথিতে পূজা সম্পাদন করলে পুত্র, স্ত্রী ও ধনসম্পদের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই দ্বিতীয়াবিদ্ধা প্রতিপদে গো-পূজা ও গোবর্ধন পূজা নিষিদ্ধ বলে নির্দেশিত হয়েছে। চলতি বছরের পূজা-তিথি: শাস্ত্রীয় তিথি-বিধান অনুসারে, ৯ নভেম্বর সোমবার অমাবস্যা যুক্ত প্রতিপদ তিথিতে গো-পূজা, গিরিরাজ গোবর্ধন পূজা ও অন্নকূট মহোৎসব সম্পাদন কর্তব্য। পরদিন, ১০ নভেম্বর মঙ্গলবার দ্বিতীয়াযুক্ত প্রতিপদ তিথি হওয়ায় ওইদিন গোবর্ধন পূজা ও গো-পূজা প্রভৃতি সম্পাদন নিষিদ্ধ। অতএব, শাস্ত্রনির্দেশ অনুসারে ৯ নভেম্বরই গোবর্ধন পূজা, গো-পূজা ও অন্নকূট মহোৎসব পালনীয়। জয় গিরিরাজ গোবর্ধন! জয় শ্রীশ্রী রাধা-গিরিধারী! Lok TV India Bangla نوفمبر 09, 2026