Top News

সড়ক দুর্ঘটনা রুখতে পথে হুড়া সাব-ট্রাফিক গার্ড, জাতীয় সড়কে সচেতনতা অভিযান। দুর্গাপুজোর আনন্দের মাঝেই একাধিক সড়ক দুর্ঘটনা ও প্রাণহানির ঘটনা নতুন করে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে ট্র্যাফিক আইন মেনে চলার গুরুত্ব। বেপরোয়া গাড়ি চালানো, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো কিংবা সামান্য অসতর্কতার কারণে যাতে আর কোনও মূল্যবান প্রাণ অকালে ঝরে না যায়, সেই লক্ষ্যেই সড়ক নিরাপত্তা নিয়ে বিশেষ সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করল হুড়া সাব-ট্রাফিক গার্ড। মঙ্গলবার পুরুলিয়া–বাঁকুড়া ৩১৪ নম্বর জাতীয় সড়কের লালপুর কলেজ থেকে এই কর্মসূচির সূচনা হয়। সড়ক নিরাপত্তার বার্তা নিয়ে একটি সচেতনতামূলক পদযাত্রার আয়োজন করা হয়। পরে লালপুর মোড় সংলগ্ন এলাকায় পথচলতি বাইক আরোহী ও অন্যান্য যানবাহনের চালকদের ট্র্যাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। কর্মসূচিতে হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা, মোটরসাইকেলে নির্ধারিত সংখ্যার বেশি আরোহী না তোলা, শিশুদের নিরাপত্তা এবং গাড়ি চালানোর সময় ট্র্যাফিকের নিয়ম মেনে চলার মতো বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে সাধারণ মানুষের কাছে সড়ক নিরাপত্তার বার্তা পৌঁছে দেওয়া হয়। বিভিন্ন যানবাহনের চালকদের থামিয়ে অসতর্কভাবে গাড়ি চালানো ও ট্র্যাফিক আইন অমান্য করার সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করা হয়। ট্র্যাফিক পুলিশের এই উদ্যোগের মূল উদ্দেশ্য, দুর্ঘটনা ঘটে যাওয়ার পর পদক্ষেপ নেওয়ার পরিবর্তে দুর্ঘটনা প্রতিরোধে আগাম সচেতনতা গড়ে তোলা। কারণ, রাস্তায় সামান্য অসতর্কতা কিংবা অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর পরিণতি হতে পারে ভয়াবহ। একজনের ভুলের কারণে বিপন্ন হতে পারে একাধিক মানুষের জীবন, ভেঙে যেতে পারে একটি পরিবারের স্বপ্ন। তাই গাড়ি চালানোর সময় নিজের নিরাপত্তার পাশাপাশি পথচলতি অন্য মানুষের সুরক্ষার বিষয়টিও মাথায় রাখার বার্তা দেওয়া হয় এই কর্মসূচির মাধ্যমে। সড়ক নিরাপত্তা নিয়ে সাধারণ মানুষের মধ্যেও সচেতনতার গুরুত্ব ক্রমশ বাড়ছে। নিয়ম মেনে গাড়ি চালানো, হেলমেট ব্যবহার এবং ট্র্যাফিক পুলিশের নির্দেশিকা অনুসরণ করার অভ্যাস গড়ে উঠলে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। সেই লক্ষ্যেই হুড়া সাব-ট্রাফিক গার্ডের এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয় বাসিন্দারা। আইন মেনে চলা শুধু জরিমানা এড়ানোর উপায় নয়, বরং নিজের ও অন্যের জীবন রক্ষার অন্যতম শর্ত। তাই সড়কে বেরিয়ে তাড়াহুড়ো নয়, সচেতনতা ও দায়িত্বশীলতাকেই গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়েছে এই কর্মসূচিতে। সচেতনতাই পারে দুর্ঘটনার ঝুঁকি কমাতে। হেলমেট ব্যবহার করুন, ট্র্যাফিক আইন মেনে চলুন, সাবধানে যানবাহন চালান এবং নিরাপদে বাড়ি ফিরুন—এই বার্তাকে সামনে রেখেই জাতীয় সড়কে সড়ক নিরাপত্তার গুরুত্ব তুলে ধরল হুড়া সাব-ট্রাফিক গার্ডের এই সচেতনতামূলক অভিযান। সৌভিক হালদারের রির্পোট লোক টিভি ইন্ডিয়া।


 

Post a Comment

أحدث أقدم
Lok TV India Bangla
Lok TV India Bangla

🎧 LIVE FM RADIO




🔊 Volume